সারা বাংলা

ধামরাইয়ে ফাঁকা বাড়িতে চোর, নিয়ে গেছে ফ্যান, কম্প্রেসার ও গ্যাসের চুলা

ঢাকার ধামরাইয়ে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোররা বাড়ির ফ্যান, ফ্রিজের কম্প্রেসার, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, হাঁড়িপাতিল, কম্বল-বালিশসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।

উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় নুরুস সামাদ বুলবুল নামে এক ব্যক্তির বাড়িতে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী নুরুস সামাদ বুলবুল জানান, সবশেষ ১৬ মে তিনি বাড়িতে এসেছিলেন। ২৩ মে ফিরে এসে ঘরের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখতে পান। তার ভাষ্য, চোরেরা ঘরে ঢুকে ভেতর থেকে দরজার হ্যাজবোল খুলে পুরো বাড়ি তছনছ করে।

চোরেরা ছয়টি ফ্যান, ফ্রিজের কম্প্রেসার, গ্যাসের চুলা ও বোতল, সিলভারের হাঁড়িপাতিল, পাঁচ হাজার টাকা, ১১টি ট্যাপ কল, কম্বল, কাঁথা ও বালিশ নিয়ে গেছে। এছাড়া, ঘরের দুটি আলমিরা ও শোকেসসহ বিভিন্ন ফার্নিচারও খুলে তছনছ করা হয়েছে বলে জানান তিনি।

ভুক্তভোগী নুরুসসামাদ বুলবুল বলেন, ‍“গত ২৩ মে রাত ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে ঈদের ছুটিতে পরিবার নিয়ে বাড়িতে ফিরি। বাড়ির মূল ফটকের তালা খুলে ভেতরে ঢুকতে গেলে দেখতে পাই দরজাটি ভেতর থেকে আটকানো। পরে আমার এক ভাই গাছ বেয়ে ছাদে উঠে দরজা খুলে ভেতর থেকে দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে দেখতে পাই ঘরের তালা ও লক ভাঙা। পরে একে একে বিভিন্ন কক্ষ ঘুরে বুঝতে পারি, বাড়িতে চুরি হয়েছে।”

তিনি জানান, তার দুইটি আলমারি ভেঙে নগদ টাকা, রুপার জিনিসপত্র, মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল নিয়ে গেছে চোররা। বাড়ির ছয়টি সিলিং ফ্যান খুলে নেওয়া হয়েছে। এমনকি ফ্রিজের কম্প্রেসার ও তামার যন্ত্রাংশও খুলে নিয়ে গেছে তারা। তিনটি বাথরুমের কল, শাওয়ার, রান্নাঘরের ফিটিংস, বড় ডেগ, বালতি, কম্বল ও কাপড়চোপড়সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে।”

তিনি জানান, চুরির ঘটনায় তাৎক্ষণিকভাবে ধামরাই থানাসহ পুলিশের একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও রাতে ঘটনাস্থলে এসে তদন্ত করার মতো কোনো তৎপরতা তিনি দেখেননি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”