সারা বাংলা

ভোমরা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে ৭ দিন 

ঈদুল আজহা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে সাতদিন।  এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

সোমবার (২৫ মে) সকালে সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৫ মে (সোমবার) থেকে আগামী ৩১ মে (রবিবার) পর্যন্ত ভোমরা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার মাধ্যমে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটিতে বন্দরের পণ্য পরিবহন, লোড-আনলোড এবং সংশ্লিষ্ট অভ্যন্তরীণ কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, “ঈদ উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় নিয়ে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি ভারতের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।” 

তিনি আরও জানান, ছুটির এই সময়ে বন্দরে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। আগামী ১ জুন সোমবার থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) তুফান মণ্ডল জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার অব্যাহত থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিতভাবেই যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, “ঈদকে কেন্দ্র করে সাময়িক বিরতি থাকলেও বন্দরের সার্বিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। ১ জুন থেকে বন্দরের সব কার্যক্রম আবারো চালু হবে।”

ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান বলেন, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। ঈদের দীর্ঘ ছুটিতে সীমান্ত বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক পরিবেশে কিছুটা স্থবিরতা দেখা দিলেও ছুটি শেষে ব্যবসায়িক কার্যক্রম দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা।