সারা বাংলা

খুলনার সার্কিট হাউজ ময়দানে নারীরাও পড়বেন ঈদের নামাজ

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য খুলনা সার্কিট হাউজ মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথম নারীরা পর্দা সহকারে এই ময়দানে ঈদের জামাতে অংশ নিতে পারবেন।

মঙ্গলবার (২৬ মে) সার্কিট হাউজ ময়দান পরিদর্শনে গিয়ে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ তথ্য জানান।

তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, “খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদুল আজহার জামাত আয়োজনের প্রস্তুতির কাজ সব সংস্থা দায়িত্ব নিয়ে করছেন। নগরবাসী স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তার সঙ্গে এখানে জামাতে অংশগ্রহণ করতে পারবেন।” 

কেসিসি প্রশাসক বলেন, “নগরবাসীর সুবির্ধাথে ১৪০টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। এই স্থানগুলোতে নগরবাসী কোরবানি করবেন। কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ব্লিচিং পাউডার ও স্যাভলন দিয়ে রাস্তা পরিষ্কার করবে।” ড্রেনে কোনো বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখার আহ্বান জানান তিনি। 

নজরুল ইসলাম মঞ্জু বলেন, “কেসিসির পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বেলা ২টা থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে।” 

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। নদী পথেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করেছে।” 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহম্মেদ, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, কেসিসি, কেএমপি কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা।

খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৭টায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় এবং সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। 

এছাড়া, সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল সোয়া ৭টায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।