সারা বাংলা

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলতি মাসের বেতন ও ওভারটাইমের পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত চৈতী নিট কম্পোজিট কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক ছাড়ার চেষ্টা চালায়। তবে, বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছাড়তে অপারগতা প্রকাশ করলে উত্তেজনা তৈরি হয়ে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ তাদের প্রাপ্য অনুযায়ী বেতন দিচ্ছে না। নামমাত্র টাকা পরিশোধ করা হচ্ছে, যা দিয়ে ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া ও পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে তারা আন্দোলনে নেমেছেন।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই রাউন্ড টিয়ারগ্যাস ছোড়া হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।”