সারা বাংলা

ঈদযাত্রায় পাটুরিয়া ঘাটে সংস্কারে ভোগান্তি

একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। শিল্পকারখানা ছুটি হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মজীবী মানুষেরা নাড়ির টানে পাটুরিয়া ঘাট দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। ফলে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। তবে ঈদযাত্রার এই চরম ব্যস্ততার মধ্যেও ঘাট এলাকার সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় যাত্রী ও পরিবহন চালকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। 

মঙ্গলবার (২৬ মে) বিকেলে ঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, তিন নম্বর ঘাট এলাকার পন্টুনে ওঠানামার জায়গায় শ্রমিকরা ইটের কাজ করছেন। এই সংস্কার কাজের কারণে ঘাটটি প্রায় ৩০ মিনিট পুরোপুরি বন্ধ রাখা হয়। পরবর্তীতে ইট বিছানো শেষ হলেও সংস্কার কাজ পুরোপুরি সম্পন্ন না করেই ঘাটটি পুনরায় চালু করা হয়। 

এছাড়া তিন নম্বর পন্টুনের সংযোগ সড়কের প্রবেশপথেও সংস্কার কাজ চলতে দেখা গেছে। এসব সংস্কার কাজের কারণে পন্টুনে যানবাহন ওঠানামা ও যাত্রীদের চলাচলে ভোগান্তি বেড়েছে। 

সিরাজুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ঈদযাত্রায় হাজার হাজার মানুষ পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়। আজ সবচেয়ে বেশি চাপ বেড়েছে। এই সময়েও পন্টুনে ইটের সংস্কার করা হচ্ছে। তাড়াহুড়ো করে চলতে গিয়ে অনেকেই বিষয়টি খেয়াল না করায় হোঁচট খেয়ে ব্যথা পাচ্ছেন। অনেকই বিষয়টি খেয়াল না করাতে ব্যথা পাচ্ছেন। 

তৌফিকুর রহমান নামের আরেক যাত্রী বলেন, এইসব প্রস্তুতি তো ঈদের অনেক আগেই নেওয়া উচিত ছিল। একদিকে যাত্রী আর বাস যাচ্ছে, আরেক দিক দিয়ে শ্রমিকরা কাজ করছেন। যাত্রীদের যাতায়াতে সমস্যা হচ্ছে।” 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই। পাঁচ নম্বর ঘাট দিয়ে ছোট গাড়ি, তিন ও চার নম্বর ঘাট দিয়ে পরিবহন বাস পারাপার করা হচ্ছে। 

এই সময়ে ঘাট সংস্কারের বিষয়ে জানতে বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলমকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে গত সপ্তাহে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, পাটুরিয়া ঘাটের সংস্কার কাজ ঈদযাত্রার আগে শেষ হবে।