ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে সাত বছর বয়সী শিশু হাসান মারা গেছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে তার মা সালমা খাতুন (৩৪)।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। হাসান হোগলবাড়িয়া গ্রামের শাহীনুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে ঝড় এবং বৃষ্টিপাতের ফলে শাহীনুর রহমানের বাড়ির বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। বেলা ১১টার দিকে হাসান ছিঁড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। এ সময় হাসানের মা সালমা খাতুন ছেলেকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হুমায়ুন কবির বলেন, “গুরুতর আহত সালমা খাতুনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। শিশু হাসনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”