সারা বাংলা

সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্বদেশী এক ঠিকাদারের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধ না করে অভিযুক্ত ব্যক্তি পালিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তায় পড়েছেন দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশি।

ভুক্তভোগীদের একজন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা মোক্তার হোসেন। সম্প্রতি সৌদি আরব থেকে ফেসবুকে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে নিজের দুর্দশার কথা তুলে ধরেন তিনি।

মোক্তার হোসেন জানান, তার নিজের প্রায় ২ লাখ টাকাসহ বহু প্রবাসীর উপার্জিত অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযুক্ত ঠিকাদার মাহাবুল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুরের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন আটকে রেখে নানা আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনো অর্থ পরিশোধ না করেই দেশে চলে যান।

ভুক্তভোগীদের অভিযোগ, ৩ থেকে ৪ কোটি টাকা নিয়ে পালিয়েছেন ওই ঠিকাদার। ভুক্তভোগী অনেক প্রবাসী বাংলাদেশি এখন মানবেতর জীবনযাপন করছেন। কেউ পরিবারে টাকা পাঠাতে পারছেন না, আবার কেউ ঋণের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। তারা দ্রুত অভিযুক্ত বক্তিকে আইনের আওতায় এনে তাদের পাওনা অর্থ পরিশোধের দাবি জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেছেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”