সারা বাংলা

সাভার শিল্পনগরীতে আসছে কোরবানির চামড়া

ঈদুল আজহার প্রথম দিনে ঢাকার সাভারের চামড়া শিল্পনগরীতে আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া। বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টা পর্যন্ত ১ লাখ ৩২ হাজার পিসের বেশি চামড়া প্রবেশ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী দুদিনে চামড়া সংগ্রহের পরিমাণ আরো বাড়বে।

সরেজমিন চামড়া শিল্পনগরীতে গিয়ে কাঁচা চামড়া প্রবেশ, ট্রাফিক ব্যবস্থাপনাসহ অন্যান্য কার্যক্রমে কোনো দৃশ্যমান বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি। ঈদের বাড়তি চাপ সামাল দেওয়ার পাশাপাশি শিল্পনগরীতে চামড়া প্রবেশ ও সঠিকভাবে এর সংরক্ষণ নিশ্চিতে বিসিক, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় ও জেলা প্রশাসন, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বয় করে যৌথভাবে কাজ করছে।

চামড়া শিল্পনগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাইয়ান বলেন, “দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৬১৫টি ট্রাকে শিল্পনগরীতে ১ লাখ ৩২ হাজার ৮২৫টি কাঁচা চামড়া এসেছে। এর মধ্যে, গরু ও মহিষের চামড়া রয়েছে ১ লাখ ৩০ হাজার ২৭৫টি এবং ছাগল-ভেড়ার চামড়া ২ হাজার ৫৫০টি। শিল্পনগরীতে আসা চামড়া দ্রুত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের কাজ চলছে। এছাড়া চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায় সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে। সময়ের সঙ্গে চামড়া ঢোকার পরিমাণ আরো বাড়বে, পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয় করে যৌথভাবে কাজ করা হচ্ছে।”

শিল্পনগরীর প্রধান ফটকে দায়িত্বপালনরত কর্মীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সর্বপ্রথম কোরবানির পশুর চামড়া নিয়ে একটি গাড়ি শিল্পনগরীতে প্রবেশ করে। প্রথম ধাপে আসা এসব চামড়ার সিংহভাগই রক্তমাখা কাঁচা চামড়া। আড়ত ও ট্যানারিতে চামড়াগুলো প্রবেশের পর তাতে লবণ মাখানোর কাজ করছেন শ্রমিকরা।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, “এ বছর এক কোটি পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে আমাদের। এখন পর্যন্ত মার্কেট পরিস্থিতি ভালো আছে।”