সারা বাংলা

ফরিদপুরে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল পৌনে ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী থেকে মোটরসাইকেলযোগে ইব্রাহিম ও রাজন ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে নারানখালী ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা রাজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে, ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “স্বজনদের আবেদনের প্রেক্ষিতে রাত ৮টার দিকে মরদেহ হস্তান্তর করা হয়।”