সিরাজগঞ্জে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত শাকিল একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাকিলের সঙ্গে একই এলাকার এক যুবকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও তাদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে ওই যুবক শাকিলের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখনকার চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে হামলাকারীর নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।
তিনি জানান, পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।