সারা বাংলা

ঝিনাইদহে হর্ণ বাজানো নিয়ে মারামারি, একজন নিহত

‎ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে দুই পক্ষের মারামারিতে আহত দেলোয়ার হোসেন (৪০) নামে একজন মারা গেছেন। ‎শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যান তিনি।

মারা যাওয়া দেলোয়ার হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মন্ডলের ছেলে। তিনি পেশায় কৃষক। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামের শুভ হোসেনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ আটজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ও আবু তালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। আজ সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে দেলোয়ার হোসেন মারা যান।

‎হরিনাকুন্ডু থানার ওসি (ভারপ্রাপ্ত) অসিত কুমার বলেন, “মোটরসাইকেলের হর্ন বাজানো কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দেলোয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে আজ ভোরে মারা গেছেন। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।”