সারা বাংলা

ঈদের ছুটিতে মুখর ড্রিম হলিডে পার্ক, নতুন আকর্ষণ ‘সি ওয়ার্ল্ড’

পবিত্র ঈদুল আজহার ছুটিতে বিনোদনপ্রেমীদের উপস্থিতিতে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনার চৈতাবতে অবস্থিত এই নান্দনিক বিনোদন কেন্দ্রে ঈদের তৃতীয় দিন সকাল থেকেই ঢল নেমেছে সব বয়সী মানুষের। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে আনন্দ আর ছুটি উপভোগ করতে পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে দূর-দূরান্ত থেকে আসছেন হাজারো মানুষ।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে আকর্ষণীয় সব রাইডের পাশাপাশি পুরো পার্কটিকে নান্দনিক ও বর্ণিল সাজে সাজানো হয়েছে। বর্তমানে পার্কটিতে ড্রিম রিভার ক্যাব, ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোট ও ভূতের রাজ্যসহ ৪০টিরও বেশি রোমাঞ্চকর রাইড রয়েছে। তবে এবারের ঈদে পার্কের সবচেয়ে বড় এবং নতুন চমক হচ্ছে আন্তর্জাতিক মানের ‘সি ওয়ার্ল্ড’।

বর্তমানে ৩৫০ টাকার প্রবেশ টিকিটের বিনিময়ে দর্শনার্থীরা পার্কে প্রবেশ করছেন। আর পছন্দ অনুযায়ী রাইডগুলোতে চড়তে গুণতে হচ্ছে রাইডভেদে ৭০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকা পর্যন্ত। ঈদ উপলক্ষে বিভিন্ন রাইডের প্যাকেজে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে পার্ক কর্তৃপক্ষ।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসা দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঢাকা থেকে সপরিবারে আসা ব্যবসায়ী মো. কামরুল হাসান বলেন, “ঈদের এই লম্বা ছুটিতে ঢাকার কোলাহল ছেড়ে বাচ্চাদের একটু খোলা হাওয়া আর আনন্দ দিতে এখানে এসেছি। পার্কের পরিবেশটা সবসময়ই সুন্দর ও পরিচ্ছন্ন। তবে এবার নতুন যুক্ত হওয়া সি ওয়ার্ল্ড সত্যিই অসাধারণ। বাচ্চারা পানিতে নেমে ভীষণ আনন্দ করেছে, ওদের আনন্দিত হতে দেখে আমাদেরও খুব ভালো লেগেছে।”

সাভার থেকে বন্ধুদের এক বিশাল দল নিয়ে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনিক রহমান বলেন, “আমরা ১০-১২ জন বন্ধু মিলে সকাল সকালই এ পার্কে চলে এসেছি। রোলার কোস্টার আর স্পিডবোটের রাইডগুলো এক কথায় দুর্দান্ত ও থ্রিলিং ছিল। ঈদ উপলক্ষে ভিড় একটু বেশি হলেও সবার মাঝে যে উৎসবের আমেজ, তা দারুণ উপভোগ করছি। রাইডের টিকিটের দামও প্যাকেজ নেওয়ায় সাধ্যের মধ্যেই লেগেছে।”

দেশের বাইরে থেকে ছুটিতে আসা প্রবাসী রেদোয়ান আহমেদ বলেন, “পরিবারকে সময় দিতেই মূলত এবার দেশে আসা। এই পার্কের রাইডগুলো আন্তর্জাতিক মানের। এখানে দেশি-বিদেশি পর্যটকদের জন্য চমৎকার পরিবেশ তৈরি করা হয়েছে।”

ড্রিম হলিডে পার্কের ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) প্রবীর কুমার সাহা বলেন, “পার্কটিকে সবসময়ই একটি বিশ্বমানের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য আমাদের। প্রতি বছরই আমরা দর্শনার্থীদের বৈচিত্র্যময় বিনোদন দিতে পার্কটিকে সম্পূর্ণ নতুন রূপে ঢেলে সাজাই। এবারো তার ব্যতিক্রম হয়নি। নতুন সংযোজন ‘সি ওয়ার্ল্ড’ ইতোমধ্যে দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি আমাদের বাকি সব রাইডকেও আধুনিক ডিজাইনে নতুন করে সংস্কার ও সুসজ্জিত করা হয়েছে।”

তিনি নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দিয়ে বলেন, “এখানে শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, প্রতি বছর প্রচুর বিদেশি পর্যটকও আসেন। তাই সাধারণ মানুষের ও তাদের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব সিকিউরিটি টিম ও সিসিটিভি নজরদারি জোরদার করা হয়েছে। ঈদের ছুটি আরো কয়েকদিন থাকায় আগামী দিনগুলোতে দর্শনার্থীদের আগমন আরো বাড়বে এমনটি আমরা আশা করছি।”