সারা বাংলা

পর্যটকবাহী নৌযান থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌযান থেকে পাটলাই নদীতে পড়ে তামিম (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। 

শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের উত্তর পাশের নদীতে ঘটনাটি ঘটে। নিখোঁজ তামিম জেলার ধর্মপাশা উপজেলার গোল্লা গ্রামের মজিবুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ধর্মপাশা উপজেলা থেকে ৫০-৬০ জনের একটি দল পরিবার-পরিজন ও স্বজনদের নিয়ে ‘মা-বাবার দোয়া’ নামে একটি পর্যটকবাহী নৌযানে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। ভ্রমণের একপর্যায়ে অসতর্কতাবশত তামিম নৌযান থেকে পাটলাই নদীতে পড়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।”