সারা বাংলা

বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করা হয়েছে। এ ঘটনায় তাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান সই করা এক চিঠিতে তাকে এই অব্যাহতির বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া আলী আজম সাব্বির এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ ও মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা চান।

বগুড়া টিটিসির প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ ইন্সট্রাক্টর রাশেদুল হাসান শাহীন বলেন, “নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠে আলী আজম সাব্বিরের বিরুদ্ধে। তিনি দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন।”

এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, “অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”