সারা বাংলা

রুটি-মাংস খাওয়া হলো না মাহিরের, সড়কে ঝরল প্রাণ

নাতি ঘুম থাইক্যা উঠে বাইরে বের অইছে। আমি নাতির লাগি রুটি-মাংস রান্না কইরা রাখছি। বাইরে থেকে আইয়্যা খাইবো। ও মাহির এহন তোর রুটি মাংস কেলা (কে) খাইবো?—বলেই আহাজারি করছিলেন নানি হেলেনা খাতুন।

একমাত্র ছেলেকে হারিয়ে মা মুক্তা আক্তার বার বার মূর্ছা যাচ্ছিলেন। মাহিরের বাবা আব্দুল কাইয়ুম রেণু ও বোন লাইভা চিৎকার করে কাঁদছিলেন।

শনিবার (৩০ মো) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে মাহির শাহরিয়ার (২১) মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী শেখ তোফায়েল আহমেদ রিয়াদ বলেন, ঈশ্বরগঞ্জ থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ মাহিরের মোটরসাইকেল আমাকে ওভারটেক করে বিশ গজ দূরে যেতেই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহির মোটরসাইকেলসহ ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাহির তার বাবা-মায়ের সঙ্গে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের কালীবাড়ি রোডে বসবাস করতেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরেছেন।

মাহিরের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার মুসল্লি এলাকায়। তার বাবা আব্দুল কাইয়ুম রেনু ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।