জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনে বিরোধী দল কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করবে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা, দেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং সাধারণ মানুষের জীবনমানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। দেশের মানুষের কল্যাণে গঠনমূলক সমালোচনা ও কার্যকর পরামর্শ প্রদানের মাধ্যমে বিরোধী দল তার দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
রবিবার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের বলেন, দেশের জনগণ একটি জবাবদিহিমূলক, কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জাতীয় সংসদকে কার্যকর করার লক্ষ্যে বিরোধী দল তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
তিনি বলেন, সংসদ শুধু আইন প্রণয়নের জায়গা নয়, বরং জনগণের কথা বলার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেই জায়গা থেকে দেশের স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে বিরোধী দল সোচ্চার থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর আবদুস সাত্তার, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, কুমিল্লা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. শফিকুর রহমান পাটোয়ারী এবং ইসলামী চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ বাশার।
এছাড়াও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর সাহাব উদ্দিন, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম, সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম, আবুল খায়ের, মোস্তফা নুরুজ্জামান খোকন, রুহুল আমিন, মমিনুল ইসলাম, আব্দুস সোবহান ও ইকবাল হোসেন মজুমদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, এনসিপি কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারি মোশাররফ হোসাইন ওপেল, ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা দেশ ও জাতির উন্নয়ন, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।