সারা বাংলা

নোয়াখালীতে হত্যার প্রতিবাদে সন্দেহভাজনের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামে জুবায়ের হোসেন রাকিব (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সন্দেহভাজনদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

রবিবার (৩১ মে) দুপুরের দিকে এ হামলা চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, শনিবার রাতে খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজারে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এ সময় এলাকার লোকজন রাকিবকে চলে যেতে বলেন। পরে রাকিব ছোট ভাই রিমনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে দুর্বৃত্তরা রাকিব ও রিমনের ওপর হামলা করে। এতে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাকিব ও রিমনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজিব আহমেদ চৌধুরী বলেন, শনিবার রাতে রাকিব ও রিমন নামে দুজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে রাকিবকে মৃত অবস্থায় আনা হয়। অপর আহত রিমনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও গুরুতর। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান বলেন, এই হত্যার ঘটনা কেন্দ্র করে উত্তেজিত স্থানীয়রা সন্দেহভাজনদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে।