সারা বাংলা

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় দুই মেয়েসহ প্রাণ গেল মায়ের

নেত্রকোণায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার (৩১ মে) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের নূরজাহান বেগম (৩৩) এবং তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ইতি আক্তার (১০)। নূরজাহান ওই গ্রামের আইনুল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোণা শহর থেকে চল্লিশাগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী ‘মহুয়া’ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্মৃতি আক্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় নূরজাহান বেগম ও ইতি আক্তারকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে। 

দুর্ঘটনায় আহত আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।