দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রহিম ঋষি (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রবিবার (৩১ মে) উপজেলার ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। রহিম ঋষি জেলার পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মণ্টু ঋষির ছেলে।
স্থানীয়রা জানান, রহিম ঋষি স্থানীয় জনি মাস্টারের লিচু বাগানের পাহারাদার হিসেবে কাজ করতেন। রবিবার সকালে এক শিশু লিচু বাগানের ভেতরে থাকা আমগাছের নিচে আম কুড়াতে যায়। সেখানে গেলে বাগানের পাহারাদার রহিম ঋষি তাকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে ডেকে নেন। এক থোকা লিচু দেওয়ার পর তিনি শিশুটিকে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যান এবং সেখানে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয় লোকজন রহিম ঋষিকে আটক করে থানায় খবর দেন।
বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, “শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা হলে আসামিকে আদালতে পাঠানো হবে।”