পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বিক্ষোভ করেছেন রাঙামাটি জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১ জুন) বিকেলে শহরের কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। ফলে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিএনপির জেলা শীর্ষ পর্যায়ের নেতারা রাস্তা থেকে কর্মীদের তুলে দেন। ঘণ্টাখানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।
রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, “মন্ত্রণালয় চালাতে গিয়ে দীপেন দেওয়ান কিছু কিছু জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছেন। তিনি কোথায় কোথায় বাধাপ্রাপ্ত হয়েছেন, সেটা খুঁজে বের করতে হবে। দীপেন দেওয়ান মন্ত্রী হিসেবে থাকুক এটা আমরা সকলেই চাই।”
জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন, “মন্ত্রণালয় চালানোর স্বাধীনতায় হস্তক্ষেপের কারণে তিনি অভিমানবশত পদত্যাগ করতে পারেন। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। তার পদত্যাগপত্র প্রত্যাহারে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি আমরা।”
এর আগে, সোমবার সকালে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান অসুস্থতাকে কারণ দেখিয়ে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাঙামাটি ২৯৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৭ ফেব্রুয়ারি পার্বত্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।