বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম নিয়ে মূল্যায়নের বিষয়ে সংসদেই বক্তব্য তুলে ধরা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাংবাদিকরা সরকারের ১০০ দিনের কর্মকাণ্ড, অর্থনীতি, আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে মূল্যায়ন জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, “এটা জনগণের পার্লামেন্ট। আমারও একটি পার্লামেন্ট আছে। আগামী ৭ তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে।”
তিনি ইঙ্গিত দেন যে, সরকারের বিভিন্ন খাতের কর্মকাণ্ড নিয়ে বিরোধী দলের অবস্থান সংসদেই বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তবে তাৎক্ষণিকভাবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
এর আগে, ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ডা. শফিকুর রহমান শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
জামায়াত আমির বলেন, “রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।” তিনি জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থা আরো বৃদ্ধি পাবে।”
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান জানান, সংসদের আসন্ন বাজেট অধিবেশনে দেশের সামগ্রিক পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের কার্যক্রম নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করা হবে।