সারা বাংলা

মমেক হাসপাতালের হাম ইউনিটে চিকিৎসাধীন ১০৭ শিশু 

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম ডেডিকেটেড ইউনিটে ১০৭ শিশু ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। সংকটাপন্ন শিশুদের জন্য নেই পর্যাপ্ত আইসিইউ শয্যা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামে কারো মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে আরো ২৫ শিশু ভর্তি হয়েছে মমেক হাসপাতালে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু।

মঙ্গলবার (২ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইনউদ্দিন খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৭৯৮টি শিশু হামে আক্রান্ত হয়ে বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ শিশুর। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৬৪৭ শিশু।