সারা বাংলা

ফেনীতে বাসের ধাক্কায় পৌরসভার সহকারী প্রকৌশলী নিহত

ফেনীর দাগনভূঞায় বাসের ধাক্কায় জুনায়েদ কাওছার (৩২) নামে পৌরসভার এক সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া জুনায়েদ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি দাগনভূঞা পৌরসভায় কর্মরত থাকার সুবাদে সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন।

পৌর প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার শেষে জুনায়েদ মোটরসাইকেলে করে পৌরসভা কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ফলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন জুনায়েদ। স্থানীয়রা প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে জুনায়েদ মারা যান।

দাগনভূঞা পৌরসভার সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, “পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর আগেই তার (জুনায়েদ) মৃত্যু হয়।”

দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, “এমন মর্মান্তিক ঘটনায় আমরা সবাই শোকাহত। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যরা সেখানে গেছেন। সেখান থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ চট্টগ্রামের গ্রামের বাড়িতে নিয়ে যাবেন।” 

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, “রাতে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি অবগত হয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজ নেব। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”