সারা বাংলা

নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দিঘলিয়া এলাকার আখড়াবাড়ি সংলগ্ন নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

মারা যাওয়া শিশুর নাম সৈয়দ রায়হান (৬)। সে চরকোটাকোল গ্রামের সৈয়দ জান্নাত আলীর ছেলে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে দিঘলিয়া আখড়াবাড়ি এলাকায় নবগঙ্গা নদীতে তিন শিশু গোসল করতে নামে। একপর্যায়ে রায়হান স্রোতের টানে অন্যদের থেকে দূরে চলে গিয়ে পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য শিশুরা দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও রায়হানকে উদ্ধার করতে পারেননি। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পাশাপাশি খুলনা থেকে ডুবুরি দল এসে নদীতে শিশুটির সন্ধানে কাজ শুরু করেন। বিকেল সাড়ে ৫টার দিকে রায়হানের মরদেহ উদ্ধার করেন তারা।

লোহাগড়া ফায়ার স্টেশন কর্মকর্তা সোহাগ উজ্জামান বলেন, “খুলনা থেকে আসবা ডুবুরি দল দীর্ঘ তল্লাশির পর বিকেলে শিশুটির মরদেহ নদী থেকে উদ্ধার করে।”

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “রায়হানের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে রাতে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।”