সারা বাংলা

বাউফলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রবিন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। 

বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাটের পূর্ব পাশে হাওলাদার বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য একটি পাইপ স্থাপনের উদ্যোগ নেন রবিন হাওলাদার। এ জন্য তিনি প্রতিবেশীদের কাছে অর্থ সহযোগিতা চান। প্রতিবেশী আনন্দ ব্যাপারীর পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এরই জেরে আজ সকাল সাড়ে ৭টার দিকে পুকুরপাড়ে আনন্দ ব্যাপারী ও তার ছেলে রবিন এবং তার পরিারের সদস্যদের সঙ্গে পুনরায় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে রবিনের পক্ষের ৩ জন এবং আনন্দ ব্যাপারীর পক্ষের ৩ জনসহ মোট সাতজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণ করেন। 

নিহত রবিনের স্ত্রী ঠাকুরানীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। আহত অন্যদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় আনন্দ ব্যাপারী ও তার দুই ছেলেসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে। তদন্ত চলমান।”