খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী রাব্বিসহ একাধিক মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ জুন) ভোরে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নগরীর লবণচরার কৃষ্ণনগর এলাকার লুৎফর রহমানের ছেলে রাব্বি (২৫), খোকন কমিশনারের কালভার্ট এলাকার মরহুম আব্দুল আজিজ খানের ছেলে মো. আল-আমিন খান (২৪), পাওয়ারহাউজের সোবাহানের বাড়ির ভাড়াটিয়া মো. সেকেন্দার খানের ছেলে মো. রানা খান (২৭) ও বসুপাড়া এতিমখানার মোড় এলাকার মিজান ভিলার ফেলু শিকদারের ছেলে মো. স্বপন (২৪)।
নগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, গ্রেপ্তারদের মধ্যে রাব্বি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭৮ হাজার টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।