সারা বাংলা

দিনাজপুরে অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন 

দিনাজপুরে অব্যাহত তাপপ্রবাহে জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদ ও গরমে সাধারণ মানুষ হাঁসফাঁস পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের শুরু থেকেই তীব্র রোদ ও গরম বাতাসের কারণে রাস্তাঘাট, হাটবাজার ও জনসমাগমস্থলে মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, গরমের তীব্রতা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রয়োজনের তাগিদে রোদের মধ্যেই কাজ করতে হচ্ছে তাদের। অতিরিক্ত গরমের কারণে অনেকেই ক্লান্তি, মাথা ঘোরা ও পানিশূন্যতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

অন্যদিকে, গরমের কারণে ঠান্ডা পানীয়, ডাব, শরবত ও আইসক্রিমের চাহিদা বেড়েছে। শহরের বিভিন্ন স্থানে এসব পণ্যের দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে।