সরকারের লাগামহীন বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র শহীদ চত্বর পাঁচ রাস্তার মোড়ে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখা।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন আকাশচুম্বী, তখন দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি জনগণের ওপর চরম জুলুমের শামিল। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান তারা।
এনসিপি কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনির সভাপতিত্বে এবং তরিকুল ইসলাম তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সুলতান মারুফ তালহা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রায়ান এবং জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা তাজমুল হক। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জনস্বার্থ ক্ষুণ্ন করে এমন কোনো সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে না। প্রয়োজনে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বিক্ষোভ সমাবেশে এনসিপির জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাধারণ উৎসুক জনতা অংশ নেয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।