সারা বাংলা

নেত্রকোণায় ছাত্রদল নেতার আঘাতে ২ পুলিশ আহত 

নেত্রকোণার মদনে মিঠু মিয়া নামে এক ছাত্রদল নেতার করা আঘাতে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় পৌর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- মদন থানার কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আটক মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামগামী বাসের যাত্রীদের হয়রানি ও ভোগান্তির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা যাচাই ও সমস্যার সমাধানের উদ্যোগ নেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় ছাত্রদল নেতা মিঠু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাকে সরে যেতে বললে পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।

মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, “একটি ঘটনার জেরে মিঠুকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মিঠু নামে এক যুবকের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”