সারা বাংলা

নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নলিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ চার বছরের শিশু ফারজানার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফারজানা মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্যার মেয়ে।

শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আইজপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ফারজানার বাবা আলী মোল্যা জানান, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ফারজানা তার দাদির সঙ্গে বাড়ির পাশে নলিয়া নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে ফারজানা নদীর পানিতে তলিয়ে যায়। ঘটনার পর তার পরিবারসহ স্থানীয় লোকজন ফারজানাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্ত তাকে উদ্বার করতে না পেরে কালিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও ফারজানাকে খুঁজে পায়নি।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “শুক্রবার দুপুর ২টা পষর্ন্ত খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বিকেলে জানতে পারলাম তার মরদেহ ভেসে উঠে।”

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, “নিখোঁজ ফারজানার মরদেহ নলিয়া নদীতে ভেসে উঠে। তবে আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”