খুলনার সোনাডাঙ্গা এলাকায় নানি ও তার দুই নাতিকে হত্যা মামলার প্রধান আসামি রফিকুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব। বরিশাল সদরের কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল। তিনি জানান, শুক্রবার (৫ জুন) দুপুরে আসামিকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার রফিকুল হাওলাদার পেশায় ট্রাকচালক। তিনি খুলনা নগরীর দৌলতপুর থানা এলাকার মো. আলমঙ্গীর হাওলাদারের ছেলে।
র্যাব-৬ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বরিশাল সদরের কাশিপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান রফিকুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, শুক্রবার দুপুরে র্যাব সদস্যরা আসামি রফিকুল হাওলাদারকে থানায় হস্তান্তর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়া হতে পারে। একই সঙ্গে তার স্ত্রী ফাতেমা বেগম মেরিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
গত ২৯ মে সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বেবি বেগম ও তার দুই নাতি শামীম ও মুস্তকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে শিশু দুটির সৎ বাবা রফিকুল হাওলাদার পলাতক ছিলেন। এ ঘটনায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে র্যাব-৬ তাকে বরিশাল সদর থানার কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।