মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ছয়জনকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (৬ জুন) ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫ এস আন্তজর্তিক পিলারের কাছে ঘটনাটি ঘটে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয়রা জানান, বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে ছয়জনকে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। তারা পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা কাঁটাতারের বেড়ার পাশে ফিরে যান। বাংলাদেশ সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর শক্ত অবস্থান নিয়েছে।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, ছয়জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ গ্রহণ না করায় পুশইনের চেষ্টা করা মানুষ কাঁটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে।
তিনি বলেন, “অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইন মেনে নেওয়া হবে না।”