সারা বাংলা

কুড়িগ্রামের সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফেরার প‌থে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত দুলু মিয়া ও তার বাবা সিদ্দক শেখকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতরা বাবা-‌ছে‌লে। একজন কু‌ড়িগ্রামে অপরজন রংপু‌রে নেওয়ার প‌থে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।