কুমিল্লার সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন।
শনিবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রতনপুর এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় অটোরিকশার ওই যাত্রীরা হতাহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, যাত্রীবাহী একটি অটোরিকশা উল্টো পথে চলছিল। এ সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী দ্রুতগতির শাহ আলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত হন একজন।
দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী বলেছেন, “তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, তারা দিনমজুর এবং রংপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।”