ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব হোসেনকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আফতাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, শিশুটির বাবা একজন ভ্যানচালক। শিশুটির সাথে ওই ঘটনার দুই ঘণ্টা পর জানাজানি হলে গ্রামবাসী নিজ বাড়িতে তাকে অবরুদ্ধ করে রাখে। এরপর পুলিশ মনোহরপুর গ্রামে গিয়ে অভিযুক্ত ব্যক্তি আফতাব হোসেনকে থানায় নিয়ে আসে।
ওই শিশুরা বাবা জানান, সন্ধ্যার আগে তার মেয়ে দাদির জন্য ওই গ্রাম্য চিকিৎসকের কাছে ওষুধ আনতে যায়। এ সময় আফতাব তার মেয়েকে ঘরের মধ্যে আটকিয়ে রাখে ও ধর্ষণের চেষ্টা করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, “শিশুটি হাসপাতালে আসে রাত সাড়ে ৮ টার দিকে। প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। তার উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির পরিবার মামলা করলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।”