নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সেলিম শেখ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (৬ জুন) বিকেলে ভুক্তভোগীর মা থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার সেলিম উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাক প্রতিবন্ধী কিশোরী তার নানা বাড়িতে থাকত। শুক্রবার বিকাল ৪টার দিকে অভিযুক্ত সেলিম শেখ কিশোরীকে তার নানা বাড়ির পাশের রাস্তা থেকে ইজিবাইকে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। সন্ধ্যায় তাকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যান সেলিম।
খবর পেয়ে পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। মেয়েটি ইশারায় ধর্ষণের কথা জানালে স্বজনরা তাকে লোহাগড়া থানায় নিয়ে যান। শনিবার বিকেলে ভুক্তভোগীর মা সেলিম শেখকে আসামি করে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা করেন। রাতেই পুলিশ অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “ধর্ষণ মামলা দায়ের পর আসামি সেলিম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”