সারা বাংলা

১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকে। রবিবার (৭ জুন) বিকাল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। 

কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে সাড়ে ১১টার দিকে উদ্ধার কাজ শুরু করে। বিকাল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

গত ২১ মে একই এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।