লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছে।
রবিবার (৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই ভাই হলেন, সদর উপজেলার মোগলহাট টেম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র শাওন হোসেন। তারা দুজনেই স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে দুই ভাই বন্ধু মেহেদিসহ ধরলা নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে তারা হঠাৎ নদীর গভীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তাদের বন্ধু মেহেদি কোনোমতে তীরে উঠতে সক্ষম হয়।
ঘটনার পর পরই প্রথমে স্থানীয় বাসিন্দারা এবং মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে যোগ দেয়। তবে বিকেল পর্যন্ত দুই ভাইয়ের সন্ধান না মেলায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নদীর তীরে হাজারো মানুষের উপস্থিতি থাকায় উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে পুলিশ সেখানে অবস্থান করছে এবং ফায়ার সার্ভিস ও বিজিবিকে সার্বিক সহায়তা দিচ্ছে।