সারা বাংলা

চট্টগ্রামে অপহৃত প্রবাসী উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় জঙ্গল থেকে অপহৃত কাতার প্রবাসী প্রকৌশলী মো. মনিরুল হককে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (৭ জুন) বিকেলে বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির সিএইসডি গোডাউনের সামনে ডেবার পাড় এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে রাতে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, মনিরুল হক কাতার প্রবাসী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থী। তিনি আজ (রবিবার) সকালে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন এবং র‌্যাবের কাছে সহায়তা চান। এরই মধ্যে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা দাবি করে, মনিরুল হক তাদের হেফাজতে রয়েছেন। তাকে জীবিত ফেরত পেতে হলে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে অপহৃত প্রকৌশলীকে উদ্ধার করে। একই সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. রোহান (২০), মো. সায়েম (২৩), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. জিয়াউর রহমান। তাদের সবার বাড়ি চট্টগ্রামের হালিশহর থানার বিভিন্ন এলাকায়।

র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।