হবিগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। রবিবার (৭ জুন) বিকেল ও সন্ধ্যায় জেলার শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ও শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জয়দর আলীর ছেলে সুজন মিয়া (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করছিলেন রাহেলা বেগম। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
অপরদিকে, বোনের বাড়িতে বেড়াতে চুনারুঘাটে এসেছিলেন রিংকু দেবনাথ। বিকেলে তিনি তার ভাগ্নে পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে একটি বাড়ির ছাদে উঠে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা দুজনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথ চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, একই সময়ে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চার যুবক আহত হন। পরে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সিয়াম মিয়া, হাফিজ উদ্দিন ও পারভেজ মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।