সারা বাংলা

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে গ্রেপ্তার 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ( ৯ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত বৃদ্ধা রেজিয়া বেগম (৯৫) মধ্য ধুসুরিয়া গ্রামের মৃত সোবহান মিয়ার স্ত্রী। গ্রেপ্তার রোকেয়া বেগম (৬৫) নিহত বৃদ্ধার মেয়ে এবং সদর উপজেলার হাটিপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের স্ত্রী।

হরিরামপুর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের ভেতরে থাকা দা দিয়ে রোকেয়া তাঁর মা রেজিয়াকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি তাঁর বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তার দাদি মারা গেছেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশিরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়ার লাশ দেখতে পায়। এরপর এলাকাবাসী মেয়েকে আটকে রাখে। খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েকে গ্রেপ্তার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহত বৃদ্ধার লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, সকালে মা ও মেয়ে একসঙ্গে খাবার খেয়েছেন। মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নারী মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। 

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।