সারা বাংলা

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের অন্ধকারে স্মৃতিস্তম্ভের বেদির অংশে আগুন জ্বলছে। আগুন লাগার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নিচে নেমে যেতে দেখা যায়। একই সময়ে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

সরেজমিন স্মৃতিস্তম্ভটিতে বুধবার (১০ জুন) সকালে আগুনের পোড়া দাগ দেখা যায়। তবে কাঠামোগত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, খবর পেয়ে সকালে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হয়। তবে স্মৃতিস্তম্ভটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় তা ক্ষতিগ্রস্ত হয়নি।

ওসি আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।