সারা বাংলা

পাবনায় ক্লাস চলাকালে শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

পাবনায় ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে দশটার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণীতে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে তামজিদ (১০)। 

স্কুল সূত্রে জানা গেছে, টিফিন শেষে ক্লাস শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলা অবস্থায় ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয়তলায় ৪০৩ নাম্বার রুমের একটি ফ্যান হঠাৎ খুলে তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে যায়। পরে শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্রসহ অভিভাবককে ডেকে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নেয়। যেহেতু দুর্ঘটনা সে কারণে তার পিতার কোন অভিযোগ নেই। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরো বলেন, আমরা সবসময় স্কুলের বৈদ্যুতিক জিনিসগুলো চেক করি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই পুনরায় সকল ফ্যান চেক করা হবে এবং ভেঙে যাওয়া ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপন করা হবে। 

উল্লেখ্য, স্কুলটিতে প্রাথমিক ও মাধ্যমিক শাখায় মোট শিক্ষার্থী রয়েছে ১৬০০ জন।