সারা বাংলা

খুলনায় আম খাওয়ার পর ডায়রিয়ায় নারীর মৃত্যু, অসুস্থ ৪

খুলনার কয়রা উপজেলার মহারাজপুরে আম খাওয়ার পর ডায়রিয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো চার সদস্য ভর্তি হয়েছেন হাসপাতালে। 

বুধবার (১০ জুন) বিকেল পেটের সমস্যায় তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মারা যাওয়া নারীর নাম লতিকা সানা (৫৫)। অসুস্থরা হলেন- তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। 

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, গত ৯ জুন (মঙ্গলবার) রাতে পরিবারের পাঁচ সদস্য স্থানীয়  হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর থেকে পেটের সমস্যায় ভুগতে শুরু করেন তারা। একপর্যায়ে অবস্থার অবনতি হলে বিকেলে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে লতিকা সানার মৃত্যু হয়। 

মারা যাওয়া নারীর ভাতিজা সাংবাদিক নিতিশ সানা জানান, রাতে আম খাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। ভোর থেকে তাদের পেট খারাপ হয়।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজিত কুমার বৈদ্য জানান, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে বুধবার বিকালে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা ভালো।

তিনি বলেন, “আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতে পারে; অথবা বাড়িতে সংরক্ষণের পর কোনোভাবে বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসতে পারে, যা খেয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হন।” ডায়রিয়া গুরুতর হলেও তারা কোন চিকিৎসা গ্রহণ করেননি বলেও উল্লেখ করেন তিনি।