সারা বাংলা

খুলনায় হাসপাতালে আগুন, আটকা পড়েছেন বহু রোগী

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লেগেছে। বহু রোগী ও তাদের স্বজন হাসপাতালে আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ওই হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

হাসপাতাল থেকে রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বাইরে ছুটে আসছেন। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে হাসপাতাল এলাকা।

ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের সিনিয়র স্টেশন অফিসার স ম আরিফুল হক জানিয়েছেন, রাত ৯টা ৩৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গেছে। নূর নগর সদর, টুটপাড়া এবং খালিশপুর ও দৌলতপুর স্টেশন থেকে ইউনিটগুলো সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেখানে ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মাসুদ সরদার উপস্থিত রয়েছেন। 

আগুন লাগার কারণ এবং হতাহতদের বিষয়ে এখনো কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।