নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মো. নুর আলম (২৮) মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম উপজেলার ছোট শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে। আহতরা হলেন- কলমাকান্দা মধ্যবাজার এলাকার মৃত লাল মিয়ার ছেলে হাজী রফিকুল ইসলাম (৬০), চানপুর গ্রামের রাকেশ তালুকদারের ছেলে শান্ত শংকর (৩৮) এবং বাসাউড়া গ্রামের গোপাল সাহার ছেলে অন্তর সাহা (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোণার রাজুর বাজার এলাকা থেকে চার যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কলমাকান্দা বাজারের দিকে যাচ্ছিল। গুতুরা কবরস্থান সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ফলে অটোরিকশার চার যাত্রী আহত হন। তাদের স্থানীয়রা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।