সারা বাংলা

খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

খুলনার দক্ষিণ লবণচরায় গাজী রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লবণচরার মাথাভাঙ্গা দশ গেট এলাকায় নিজ বাসার সামনে তাকে গুলি করা হয়।

গাজী রফিকুল ইসলাম বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গার রতন গাজীর ছেলে।

নিহতের স্ত্রী হালিমা বেগম বলেছেন, “আমার বড় ছেলে রাগ করে ঘর থেকে হয়ে যায়। তাকে ডাকতে গিয়ে না পেয়ে বাড়ির পিছনের একটা ফাঁকা জায়গায় বসে ছিল আমার স্বামী। তখন কে বা কারা এসে তাকে গুলি করে। গুলি তার তলপেটে লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।” 

তিনি আক্ষেপ করে বলেন, গত ১৭ বছর হামলা, মামলা, নির্যাতন মোকাবিলা করে সে টিকে ছিল। আর আজ দল ক্ষমতায়, এখন তাকে হত্যার শিকার হতে হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেছেন, “ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”