সারা বাংলা

পদ্মা নদীতে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার নদীতে ডুবে জেসমিন ও ইসরাত নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী আলিম নগর ঘাট এলাকায় নদীতে ডুবে যায় ওই দুই শিশু। বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত দুই শিশু হলো—সদর উপজেলার বাখেরআলী গ্রামের মো. জহুরুল ইসলামের আট বছর বয়সী মেয়ে মোসা. জেসমিন খাতুন এবং চাকপাড়া গ্রামের কাজলের সাত বছর বয়সী মেয়ে ইসরাত খাতুন।

অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ও ইউপি সদস্য মো. নূরুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশু বাড়ির পাশে নদীর ধারে খেলার সময় পানিতে পড়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে বিকেলে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, জেসমিনের মরদেহ বেলা পৌনে ৩টা এবং ইশরাতের মরদেহ সাড়ে ৪টার দিকে উদ্ধার করা হয়। নদীতে পানি বেশি ও স্রোত থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়।