সারা বাংলা

মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই

বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান এবং মুক্তিযুদ্ধের যশোরাঞ্চলের অন্যতম ব্যক্তিত্ব আলী হোসেন মনি আর নেই। 

শুক্রবার (১২ জুন) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে সোমবার আলী হোসেন মনিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি হার্ট, কিডনি, শ্বাস-প্রশ্বাসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বিষয়টি জানিয়েছেন তার মেয়ে ফারজানা আলী।

আলী হোসেন মনি ১৯৭১ সালে প্রথম ব্যাচে ভারতের দেরাদুনে মুক্তিযুদ্ধে অংশ নিতে প্রশিক্ষণ নেন। দেশ স্বাধীনের পরে জাসদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এবং পরবর্তী সময়ে জেলা জাসদের সভাপতি ছিলেন। 

আলী হোসেন মনি ২০২৭ সালের ১৭ জানুয়ারি সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত রফিউদ্দিন এবং মা প্রয়াত মনোয়ারা বেগম।