সারা বাংলা

প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, গণপিটুনিতে সন্ত্রাসী নিহত 

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসীর গণপিটুনিতে কালু ওরফে ইব্রাহিম হোসেন কালু ওরফে বস্তি কালু নিহত হয়েছেন। আহত হয়েছেন তার এক সহযোগী।

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে পাতাকাটা গ্রামে ঘটনাটি ঘটে। 

পুলিশ জানায়, নিহত কালু এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। বুধবার (১০ জুন) কারাগার থেকে জামিনে বের হয়ে আবারো এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে শুরু করেন তিনি। তার এ কর্মকাণ্ডে বাধা দেন বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা। এরই জেরে মোস্তফাকে কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। এসময় গ্রামবাসী কালু ও তার সহযোগীদের ধাওয়া করে। এক পর্যায়ে গণপিটুনিতে নিহত হন কালু। তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হন। 

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, “পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।” 

তিনি আরো বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের আটকে অভিযান শুরু হয়েছে। নিহত কালুর নামে বিভিন্ন জায়গায় ১৪টি মামলা রয়েছে।”